শিশু আছিয়া ধর্ষণ-হত্যা, হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল
স্ট্রিম প্রতিবেদকঢাকা

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। সোমবার ডেথ রেফারেন্স ও আপিল নিষ্পত্তি শেষে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার বেঞ্চ এ রায় দেন।
এর আগে গত ২৫ আগস্ট রায়ের দিন পিছিয়ে আজকের দিন ধার্য করা হয়। গত ২৪ আগস্ট এ মামলায় আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর শুনানি শেষ হয়।
২০২৫ সালের মার্চে মাগুরার নিজনান্দুয়ালী এলাকায় বড় বোনের শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়ে শিশুটি ধর্ষণের শিকার হয় বলে অভিযোগ ওঠে। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আট দিন অচেতন থাকার পর ১৩ মার্চ মৃত্যু হয় তার।
এর আগে ৮ মার্চ শিশুটির মা হিটু শেখসহ চারজনের বিরুদ্ধে মাগুরা সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। শিশুটির মৃত্যুর পর ওই মামলায় হত্যার অভিযোগও যুক্ত করা হয়।
মামলায় দ্রুত বিচার শেষে ১৭ মে রায় দেন আদালত। রায়ে শিশুটির বড় বোনের শ্বশুর হিটু শেখের মৃত্যুদণ্ড দেওয়া হয়। খালাস পান বাকি তিনজন। রায়ের পর মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য মামলার নথি পাঠানো হয় হাইকোর্টে। গত ৮ জুন ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) মামলার পেপারবুক প্রস্তুত হয়ে বিজিপ্রেস থেকে হাইকোর্টে আসে। ১১ আগস্ট থেকে শুরু হয় শুনানি। গত ২৪ আগস্ট শুনানি শেষ হলে রায় ঘোষণার জন্য অপেক্ষমাণ ছিল।
উল্লেখ্য, এ মামলায় হিটু শেখের পক্ষে ছিলেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমাম হোসেন তারেক।
হিটু শেখ এই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করতে পারবেন। সেখানে মৃত্যুদণ্ড বহাল থাকলে রিভিউ করার সুযোগ পাবেন। রিভিউ খারিজ হলে সব শেষ রাষ্ট্রপতির কাছে আবেদন করার সুযোগ থাকবে।
.png)




-78ae87-256x144.webp)

