শিল্পকলা একাডেমিতে ‘চাঁদ রাতের ঈদ আনন্দ উৎসব’
স্ট্রিম প্রতিবেদকঢাকা

পবিত্র ঈদুল ফিতরের আনন্দ সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিতে বিশেষ অনুষ্ঠান ‘চাঁদ রাতের ঈদ আনন্দ উৎসব-২০২৬’ আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। শাওয়াল মাসের চাঁদ দেখা সাপেক্ষে ঈদের আগের রাতে (চাঁদ রাতে) রাজধানীর সেগুনবাগিচায় একাডেমির নন্দন মঞ্চে এই উৎসব অনুষ্ঠিত হবে।
শিল্পকলা একাডেমি সূত্রে জানা গেছে, সন্ধ্যা সাড়ে ৬টায় উৎসব শুরু হবে। একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদের (রেজাউদ্দিন স্টালিন) সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো: মফিদুর রহমান।
এবারের উৎসবের বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে মেহেদি কর্নার। যেখানে আগত দর্শনার্থীরা নিজেদের হাত মেহেদির রঙে রাঙিয়ে নেওয়ার সুযোগ পাবেন। এ ছাড়া সংগীতের মূর্ছনায় দর্শকদের মাতিয়ে রাখতে মঞ্চে পারফর্ম করবেন দেশের বরেণ্য ও জনপ্রিয় কণ্ঠশিল্পীরা। সংগীত পরিবেশনায় থাকছেন দিলরুবা খান, বেবী নাজনীন, ন্যান্সী, পিয়াল হাসান, নোলক বাবু, অনিমেষ রায়, অনন্যা আচার্য্য এবং সমীর কাওয়াল।
উৎসবমুখর এই আয়োজনে সপরিবারে উপস্থিত থাকার জন্য সাধারণ মানুষকে আমন্ত্রণ জানিয়েছে শিল্পকলা একাডেমি কর্তৃপক্ষ।
.png)






