রাজশাহীতে শেখ মুজিবকে নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় কলেজশিক্ষক বরখাস্ত
স্ট্রিম সংবাদদাতারাজশাহী

মৃত্যুবার্ষিকীতে শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় রাজশাহীতে এক কলেজশিক্ষককে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। সোমবার (১৭ আগস্ট) এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেয় তারা। তবে ওই শিক্ষককে এখনো চিঠি দিয়ে বিষয়টি জানানো হয়নি।
শিক্ষক সোহেলী আক্তার জেলার চারঘাট উপজেলার নন্দনগাছী মহাবিদ্যালয়ের গার্হস্থ্য অর্থনীতি বিষয়ের প্রভাষক। গত শনিবার (১৫ আগস্ট) শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে নিজের ফেসবুক আইডিতে একটি ফটোকার্ড পোস্ট করেন তিনি। এতে শেখ মুজিবের ছবিসহ গভীর শোক লেখা ছিল। ফটোকার্ডের ক্যাপশনে সোহেলী আক্তার লেখেন, ‘বিনম্র শ্রদ্ধা’।
এদিকে গতকাল রোববার (১৬ আগস্ট) কলেজে গিয়ে অস্বস্তি বোধ করেন সোহেলী আক্তার। পরে অধ্যক্ষের কাছ থেকে মৌখিকভাবে ছুটি নিয়ে আজ কলেজে যাননি তিনি। এ দিন কলেজ গভর্নিং বডির জরুরি সভায় তাকে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি জেনেছেন।
কলেজের অধ্যক্ষ ওয়াহেদুল ইসলাম বলেন, ‘প্রভাষক সোহেলী আক্তার নিষিদ্ধ ঘোষিত সংগঠন নিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন। প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে কেউ এ ধরনের রাষ্ট্রবিরোধী পোস্ট দিতে পারে না, সে জন্য কলেজের শৃঙ্খলা রক্ষার জন্য তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।’
কলেজ গভর্নিং বডির সভাপতি ও চারঘাটের নিমপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, ‘আমরা বসে সর্বসম্মতিক্রমে তাকে সাময়িক বরখাস্ত করেছি।’ অভিযুক্ত শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়নি স্বীকার করে তিনি বলেন, ‘দেখা যাক, আমরা এখনও আলোচনা করছি। এটাও হবে।’
সাময়িক বরখাস্ত প্রভাষক সোহেলী আক্তার বলেন, ‘আমাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে, এটা আমি জানি না। আমার কী দোষ সেটাও তো জানি না। আমার কিছু বলার নেই।’
.png)




-78ae87-256x144.webp)

