বাংলাদেশকে শত কোটি ডলার জরুরি সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ২৭ জুন ২০২৬, ১৪: ০৫
বিশ্বব্যাংক। ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে হুমকিতে পড়া খাদ্য নিরাপত্তা এবং জ্বালানিসহ অন্যান্য খাতে সংকট মোকাবিলায় বাংলাদেশকে ১০০ কোটি ডলারের বেশি জরুরি সহায়তা দেবে বিশ্বব্যাংক। দুটি প্রকল্পের আওতায় আগামী ৩০ জুনের মধ্যে এই অর্থ দেওয়া হবে।

শনিবার (২৭ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্বব্যাংক জানিয়েছে, মধ্যপ্রাচ্য সংঘাতের ফলে খাদ্য, সার ও জ্বালানির দাম বৃদ্ধি এবং সরকারের সীমিত আর্থিক সক্ষমতা বাংলাদেশের অর্থনীতিতে বড় চাপ সৃষ্টি করেছে। এর সবচেয়ে বেশি প্রভাব পড়েছে ক্ষুদ্র কৃষক, দরিদ্র ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর ওপর।

বাংলাদেশ ও ভুটানের জন্য বিশ্বব্যাংকের বিভাগীয় পরিচালক জ্যাঁ পেসমে বলেন, এই পরিস্থিতিতে বাংলাদেশকে তাৎক্ষণিক সহায়তা দিয়ে ধান উৎপাদনে প্রয়োজনীয় সার সরবরাহ নিশ্চিত করা, পরিবারগুলোর জীবিকা ও কর্মসংস্থান রক্ষা করা এবং জরুরি সেবার ধারাবাহিকতা বজায় রাখাই বিশ্বব্যাংকের লক্ষ্য।

তিনি জানান, সহায়তার অর্থের মধ্যে ৩০ কোটি ডলার দেওয়া হবে ‘ইমার্জেন্সি সাপোর্ট ফর ফুড সিকিউরিটি প্রজেক্টে’। এই অর্থ চলতি বছরের জুলাই-অক্টোবর পর্যন্ত আমন এবং অক্টোবর থেকে আগামী বছরের এপ্রিল পর্যন্ত বোরো মৌসুমের জন্য প্রয়োজনীয় সার আমদানিতে ব্যয় হবে।

বিশ্বব্যাংকের তথ্যানুযায়ী, বাংলাদেশে সারের চাহিদার ৮৫ শতাংশই আমদানি করা হয়। এই প্রকল্পের আওতায় ৬ লাখ টন সার আমদানি করা হবে, যার অর্ধেকই হবে ইউরিয়া। এসব সার ব্যবহার করে প্রায় ১৪ লাখ হেক্টর জমিতে ধান চাষ সম্ভব হবে, যা মূলত ক্ষুদ্র কৃষকদের উৎপাদনে সহায়তা করবে।

প্রকল্পটির টাস্ক টিম লিডার ও বিশ্বব্যাংকের লিড ইকোনমিস্ট সুলেমানে কুলিবালি বলেন, বাংলাদেশের মোট ধান উৎপাদনের প্রায় ৯০ শতাংশ আসে আমন ও বোরো মৌসুম থেকে। দেশের প্রায় অর্ধেক মানুষও কৃষিখাতে কর্মরত। ফলে সার সরবরাহে বিঘ্ন ঘটলে শুধু খাদ্য নিরাপত্তা নয়, কর্মসংস্থান ও দারিদ্র্য পরিস্থিতিও খারাপ হওয়ার ঝুঁকি তৈরি হবে।

বাকি ৭১ কোটি ৩০ লাখ ডলার ব্যয়ে ‘কনটিনজেন্ট ইমার্জেন্সি রেসপন্স প্রজেক্ট’ বাস্তবায়ন করা হবে। এর মাধ্যমে দ্রুত নগদ সহায়তা, ক্ষতিগ্রস্ত পরিবারের জীবিকা পুনরুদ্ধার এবং ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোক্তাদের (এমএসএমই) সহায়তা দেওয়া হবে। পাশাপাশি ওষুধ, চিকিৎসা সরঞ্জাম, জ্বালানি, পানি সরবরাহসহ জরুরি সেবা সচল রাখতে প্রয়োজনীয় অর্থায়ন করা হবে।

বিশ্বব্যাংকের লিড ডিজাস্টার রিস্ক ম্যানেজমেন্ট স্পেশালিস্ট ও প্রকল্পটির টাস্ক টিম লিডার লেসলি জিন ইউ করদেরো বলেন, বিদ্যমান বিভিন্ন প্রকল্পের অব্যবহৃত অর্থ পুনর্বিন্যাসের মাধ্যমে বাংলাদেশ দ্রুত এই অর্থ ব্যবহারের সুযোগ পাবে। এতে প্রয়োজনীয় খাতে দ্রুত সম্পদ বরাদ্দ করা সম্ভব হবে। মানুষ, ব্যবসা ও কর্মসংস্থানের ওপর বাহ্যিক চাপ কমানো সম্ভব হবে।

Ad 300x250

সম্পর্কিত